বাংলাদেশ দলের এমন বাজেভাবে হারের পর দুই সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন জন নারী। এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে।
যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই মজার হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’
এ দিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর রাতের খাবার শেষে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’
তবে নির্দেশ অমান্য করে বাইরে গিয়েছিলেন কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি বাবু। তিনি বলেন, ‘যদি তারা এমনটা করে থাকে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’






















