
‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য ঘিরে শুক্রবার সকাল থেকেই আলোচনা শুরু হয়। অভিনেত্রী দিলারা জামানের নামে ফটোকার্ড ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে বিষয়টি শুনে বরং বিস্মিত ও বিরক্ত হয়েছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। কারণ, ছড়িয়ে পড়া এই ঘটনার সঙ্গে তাঁর বর্তমান জীবনের কোনো সত্যতা নেই।
তাহলে দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা কি একেবারেই ঘটেনি? ঘটেছিল, তবে সেটি আজকের ঘটনা নয়—প্রায় ২২–২৩ বছর আগের। দিলারা জামান জানান, ২০০৩–২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তাঁর পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি।
তবে সেই বাড়ি এখন আর তাঁর নেই।





















