
অনলাইন শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
“যে চেয়ারম্যান সাহেব আমাকে পাকিস্তানি সেনার হাতে তুলে দিয়েছিলেন, একদিন তিনি এলেন। সব কিছু জেনেও আমি তার পা জড়িয়ে ধরলাম। বললাম, ‘কাকাবাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন।
ছোট্টবেলা থেকে আপনি আমাকে চেনেন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি। আমাকে দয়া করুন’। উনি পা ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দ্রুত বেরিয়ে গেলেন।
…প্রথমে আমার উপর পাশবিক অত্যাচার করে একজন বাঙালি।
আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম।
…আমাদের শাড়ি পরতে বা দোপাট্টা ব্যবহার করতে দেয়া হত না। কোন ক্যাম্পে নাকি কোন একটা মেয়ে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
…প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সব রমণী মাতৃভূমির জন্য তাদের সতীত্ব, নারীত্ব হারিয়েছে তিনি তাদের বীরাঙ্গনা আখ্যায় ভূষিত করেছেন। অন্তরের শ্রদ্ধা জানালাম সেই মহানায়কের উদ্দেশ্যে।
আমি বীরাঙ্গনা, এতোবড় সম্মান আমি পেয়েছি। আমি ধন্য কিন্তু চোখের জল কেনো জানি না বাঁধা মানতে চায় না।
….বাবাকে দেখবার জন্য, তাদের খবর নেবার জন্য অস্থির হয়ে গেছি। কিন্তু বিশ্বাসযোগ্য এমন কাউকে দেখি না যাঁকে অনুরোধ করা যায়। শেষে পুনর্বাসন কেন্দ্রের কার্যনির্বাহি অফিসার মোসফেকা মাহমুদকে বাবার ঠিকানা দিলাম।
পথের দিকে তাকিয়ে থাকি, যেনো খবর পেয়েই বাবা ছুটে আসবেন। কিন্তু না দিন গড়িয়ে সপ্তাহ গেল। খবর পেলাম বাড়িঘর ভেঙ্গে গেছে সে সব মেরামত করা নিয়ে বাবা ব্যস্ত, আসবেন কয়েক দিনের মধ্যে। শুধু উচ্চারণ করলাম,‘বাবা তুমিও’!
ইত্যবসরে আমার গর্ভপাত করানো হলো, কারণ এতদিনে বাস্তবতা বুঝে গেছি।”
……
”হঠাৎ অনেক লোকের আনাগোনা,চেঁচামেচি কানে এলো।একজন বাংকারের মুখে উঁকি দিয়ে চিৎকার করলো, কই হ্যায়: ইধার আও। মনে হলো আমরা সব এক সঙ্গে কেঁদে উঠলাম। ঐ ভাষাটা আমাদের নতুন করে আতঙ্কগ্রস্ত করলো। কয়েকজনের মিলিত কন্ঠ এবারে, মা, আপনারা বাইরে আসুন । বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আপনাদের নিতে এসেছি। চিরকালের সাহসী আমি উঠলাম। কিন্তু এতো লোকের সামনে আমি সম্পূর্ণ বিবস্ত্র, উলঙ্গ। দৌড়ে আবার বাংকারে ঢুকতে যাচ্ছিলাম। কিন্তু যে বলিষ্ঠ কন্ঠ প্রথম আওয়াজ দিয়েছিলো, কোই হ্যায়, সেই বিশাল পুরুষ আমাকে আড়াল করে দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুলে আমাকে যতটুকু সম্ভব আবৃত করলেন। . . . . . . . . . আমি ওই অধিনায়ককে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম।”
“আমি বীরাঙ্গনা বলছি।”
এই এক বাক্যে যিনি একাত্তরের নির্যাতিতা নারীদের নীরবতা ভেঙে দিয়েছিলেন, তিনি অধ্যাপক ড. নীলিমা ইব্রাহিম।
মন্ত্রীর পদ ফিরিয়ে দিয়েছিলেন।
বলেছিলেন, “আমি মাস্টার মানুষ, রাজনীতি আমার কাজ নয়।”
অথচ মুক্তিযুদ্ধের সময় নিজের ঘরে আশ্রয় দিয়েছেন মুক্তিযোদ্ধাদের, ছাত্রনেতাদের। যুদ্ধের পর একে একে শুনেছেন সেই নির্যাতিত নারীদের কথা, যাঁদেরকে দেশ ফিরিয়ে নিতে চায়নি, ঘরও না। সেই কান্না, সেই অপমান তিনি লিখে রেখেছেন, যাতে আমরা কোনোদিন ভুলে না যাই।
আজ তাঁর ১০৫তম জন্মবার্ষিকী।
বিনম্র শ্রদ্ধা ড. নীলিমা ইব্রাহিম।
Rafiqul Islam Harun’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















