ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা এবং ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বা অন্য বাহিনীর সদস্য এসব ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা না রেখে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও কারও মধ্যে এ ধরনের প্রবণতা থাকলে তা কঠোর নজরদারিতে রয়েছে। যাকে যেখানে চিহ্নিত করা হবে, তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। তবে এসব বিষয়ে সরকার মনোযোগ দিচ্ছে না, বরং সব সময় সতর্ক রয়েছে।
সরকার কোনো চাপ অনুভব করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘কীসের চাপ?’





















