বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলার শ্রীপুরের বিভিন্ন কারখানায় গেটে দলবদ্ধ হয়ে দুর্বৃত্তরা হামলা করে ও ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার কারখানা বন্ধ ছিল। সকাল থেকে হঠাৎ বেশ কয়েক যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা তৈরি করে, এসময় গেটে ভাঙচুরের চেষ্টা করলে কারখানার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা রুখে দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফের হামলা চালায়, ব্যাপক ইট পাটকেল ঢিল ছুঁড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
- এ বিষয়ে হ্যামস্ গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুর করা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাবো।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, আজ (বুধবার) যারা বিশৃঙ্খলা তৈরি করছে তারা শ্রমিক না। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়েছে। আমাদের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।






















