
অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
কারাভ্যন্তরে সোহরাব হোসেন সৌরভের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদ
বগুড়া জেলার ধুনট পৌরসভা শাখা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন সৌরভকে গত ২২ অক্টোবর দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গত ২ আগস্ট রাতে সোহরাব হোসেন সৌরভকে অন্যায়ভাবে গ্রেফতারের পরে অকথ্য নির্যাতন চালানো হয়। পরদিন দুটি মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়। নির্যাতনে অসুস্থ হলেও চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়। অসহনীয় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ২২ অক্টোবর রাতে বিনাচিকিৎসায় কারাগারেই মারা যায়। কিন্তু কারা-কর্তৃপক্ষ দায় এড়ানোর জন্য হাসপাতালে নিয়ে যায়। এভাবেই ৫ আগস্টের পর থেকে অসংখ্য সৌরভকে পরিকল্পিতভাবে কারাগারে অথবা প্রকাশ্যে বাড়িতে-রাস্তাঘাটে পিটিয়ে-কুপিয়ে-পুড়িয়ে ইত্যাদি প্রক্রিয়ায় হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত কারাগারে অন্তত ৬৯জন আওয়ামী লীগের নেতাকে হত্যা করা হয়েছে, এরমধ্যে শুধু বগুড়া জেলা কারাগারেই সবচেয়ে বেশি সংখ্যক নেতা হত্যার শিকার হয়েছে। এছাড়াও অগণিত অজ্ঞাত নাগরিকও কারাগারে নিহত হচ্ছে প্রতিনিয়ত। সরকারের ভয়ে গণমাধ্যমগুলো হত্যার শিকার অনেকের রাজনৈতিক পরিচয় ও ছবি পর্যন্ত প্রকাশ করতে পারছে না।
পিতা-মাতা হারানো পরিকল্পিত হত্যার শিকার সৌরভের বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সহ অসংখ্য আত্মীয়স্বজন ও সহযোদ্ধা রেখে গেছেন। এহেন হত্যাকাণ্ডে শোক জানানোর ভাষা জানা নেই, তবুও আমি গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি এবং শহীদ সোহরাব হোসেন সৌরভের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
আমি বিশ্বাস করি, সৌরভদের আত্মত্যাগ ও রক্ত বৃথা যেতে পারে না। একদিন সকল নিরপরাধ মানুষের হত্যার ন্যায়বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। ইনশাল্লাহ।
আমি শহীদ সোহরাব হোসেন সৌরভের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।
বাংলাদেশ আওয়ামী লীগ
তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৬
Bangladesh Awami League’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















