
অনলাইন বুধবার,২৮অক্টোবর ২০২৬
হলি ক্রসের ক্লাসরুম থেকে বিটিভির বিতর্ক মঞ্চ, সেখান থেকে ক্যালটেকে ৪.০০-তে ৪.০০, হার্ভার্ডে ব্ল্যাক হোল নিয়ে পিএইচডি, এখন হার্ভার্ড মেডিকেল স্কুলে নিউরোসায়েন্স গবেষক
নব্বইয়ের দশকের এক সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছিল এক কিশোরীর মুখ। পরনে হলি ক্রসের স্কুল ইউনিফর্ম। চলছিল জাতীয় স্কুল বিতর্ক। মাইক্রোফোন হাতে তার ঝাঁঝালো যুক্তি আর আবেগঘন বক্তৃতায় সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ।
প্রায় ৩০ বছর পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হতেই আবারও আলোচনার কেন্দ্রে সেই মুখটি। খোঁজ নিয়ে জানা গেল, বিটিভির বিতর্ক মঞ্চ কাঁপানো সেই কিশোরী এখন পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ল্যাবে মানুষের মস্তিষ্কের রহস্য ভেদ করে চলেছে।
কে এই রেবেকা শাফি?
তিনি রেবেকা শাফি। ঢাকার তেজগাঁওয়ের ঐতিহ্যবাহী হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ও হলি ক্রস কলেজের সাবেক শিক্ষার্থী। ১৯৯৪ সালের বাংলাদেশ টেলিভিশনের জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় তিনি ছিলেন অন্যতম সেরা বিতার্কিক। জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। সেই বিতর্কের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন প্রজন্ম তাকে নতুন করে চেনে।
পরিবারই যার প্রথম পাঠশালা
রেবেকার এমন উজ্জ্বল সাফল্যের পেছনে আছে এক আলোকিত পরিবারের ছায়া। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ শাফি, মা অধ্যাপক সুলতানা শাফি। আর দাদা প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক আবদুস সালাম। জ্ঞানচর্চা আর যুক্তির আবহেই বেড়ে উঠেছেন তিনি। হয়তো সে কারণেই বিতর্কের মঞ্চে যুক্তির ধার এতটা শাণিত ছিল তার।
একসাথে দুই কারিকুলামের অসম্ভবকে সম্ভব করা
রেবেকার শিক্ষাজীবন শুরু থেকেই ছিল প্রথা ভাঙা। বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা হলেও তিনি একই সময়ে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার এসএসসি ও এইচএসসি এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের ও/এ লেভেলস সম্পন্ন করেছিলেন। নিজের একাডেমিক পরিচিতিতেই তিনি এই ব্যতিক্রমী তথ্য জানিয়েছেন। দুইটি সম্পূর্ণ ভিন্ন কারিকুলামের চাপ একসাথে সামলানোই তার অসাধারণ মেধার প্রথম প্রমাণ।
প্যাসাডেনা থেকে তুষার ঢাকা বোস্টন
এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ভর্তি হন পৃথিবীর সবচেয়ে কঠিন বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের একটি – ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালটেকে। সেখানে ফিজিক্সে স্নাতক করতে গিয়ে তিনি যা করলেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ৪.০০ এর মধ্যে ৪.০০ সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করলেন। ক্যালটেকে ফিজিক্সে ৪.০০ পাওয়া কতটা কঠিন, তা বিজ্ঞানের শিক্ষার্থীরা জানেন।
ক্যালটেকের পর তার নিজের ভাষায়, প্যাসাডেনা থেকে তিনি যান ‘snowy Boston’ এ। ভর্তি হন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সেখানে ফিজিক্সে পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ছিল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তু – ব্ল্যাক হোল, বিশেষ করে ব্ল্যাক হোলের স্পিন বা ঘূর্ণন।
ব্ল্যাক হোল থেকে মানব মস্তিষ্কের মহাবিশ্বে
পদার্থবিদ্যা ও অ্যাস্ট্রোফিজিক্সে এই দীর্ঘ পথ পেরিয়ে তিনি নিলেন এক সাহসী মোড়। মহাকাশের অসীম শূন্যতা থেকে তার আগ্রহের কেন্দ্র চলে এলো মানুষের মাথার ভেতরের আরেক মহাবিশ্বে।
বর্তমানে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের জেনেটিক্স বিভাগে পোস্টডক্টোরাল / রিসার্চ ফেলো হিসেবে যুক্ত আছেন। এর আগে তিনি আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ (NIMH) এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও গবেষণা করেছেন। এখন তার গবেষণা নিউরোসায়েন্স ও হিউম্যান জেনেটিক্সের সংযোগস্থলে। মানুষের মস্তিষ্কের গঠন, তার জটিলতা এবং তার পেছনে জিনের ভূমিকা কী – তা নিয়েই এখন গবেষণা করে চলেছেন।
হলি ক্রসের ক্লাসরুম থেকে বিটিভির বিতর্ক মঞ্চ, সেখান থেকে ক্যালটেক, হার্ভার্ড হয়ে হার্ভার্ড মেডিকেল স্কুল – রেবেকা শাফির গল্পটা আসলে একটাই জিনিস প্রমাণ করে। তিনি কখনো একটি পরিচয়ে আটকে থাকেননি। বিষয় বদলেছে, ল্যাব বদলেছে, কিন্তু অজানাকে জানার সেই কিশোরী বয়সের কৌতূহলটা আজও একই আছে
Ghatona Digital’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















