
অনলাইন বুধবার,২৮অক্টোবর ২০২৬
সস্তা অ্যাটেনশন ইকোনমি বনাম প্রকৃত স্কিল ইকোনমি। জাইকা প্রধানের বৈঠক ও বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ।
বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও কাঠামোগত সংস্কারের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর এবং টোকিওতে জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।
বিশেষ করে আমরা যখন দেশের আর্থিক খাত, অবকাঠামোগত চ্যালেঞ্জ, এবং টেকসই উন্নয়নের প্রসঙ্গ নিয়ে কথা বলছি।
অর্থনৈতিক ও বাজেট সহায়তার বিষয়টি উঠে এসেছে এই সফরে। বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণ এবং বাজেট সহায়তা জোরালোভাবে চেয়েছে। যা বর্তমান অর্থনৈতিক সংকট ও তারল্য ব্যবস্থাপনায় বেশ বড় ভূমিকা রাখতে পারে।
বড় প্রকল্প ও স্বচ্ছতার ব্যাপারটিও এসেছে। জাইকার অর্থায়নে চলমান ও পাইপলাইনে থাকা মেগা প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের বিষয়টি এই বৈঠকে গুরুত্ব পেয়েছে। আমার আলোচনাধীন দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রশ্নগুলোর সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের এই তদারকি ও সম্পৃক্ততা গভীরভাবে জড়িত।
দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত অংশীদারত্ব গুরুত্ব পেয়েছে। সস্তা শ্রম বলুন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের এটেনশন ও রিলস নির্ভর অর্থনীতির বাইরে গিয়ে আমাদের ভাবতে হবে। বাংলাদেশ জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এটিই আমাদের প্রকৃত স্কিল ইকোনমি গড়ার দাবির সঙ্গেই সরাসরি সামঞ্জস্যপূর্ণ।
দেশের এই সংকটময় ও রূপান্তরকালীন সময়ে জাইকার সঙ্গে এই উচ্চপর্যায়ের আলোচনা আমাদের সামষ্টিক অর্থনীতি, বৈদেশিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের রূপরেখাকে অনেকটাই প্রভাবিত করবে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামগ্রিক অর্থনীতিকে সচল রাখতে জাপানের কাছে সহজ শর্তে ঋণ ও বাজেট সহায়তা চেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।
উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন চেয়েছেন। বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
নতুন ও প্রযুক্তিগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব Skills Partnership, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী Tech and Innovation City প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
লাইট ইঞ্জিনিয়ারিং ও কৃষি প্রক্রিয়াকরণের উপর জোর দেয়া হয়েছে। কৃষিপণ্য প্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জাপানি সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।
জাপানিপক্ষের অঙ্গীকারও এসেছে। জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার পূর্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রীর এই পুরো সফরে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে সম্ভাবনাময় এবং যুক্তিযুক্ত মনে হয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং খাত নিয়ে আলোচনাটি ।
এবার চলুন লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে হালকা জেনে নেই।
লাইট ইঞ্জিনিয়ারিং Light Engineering অর্থাৎ হালকা প্রকৌশল শিল্প হলো অর্থনীতি ও শিল্প খাতের অন্যতম একটি মৌলিক ভিত্তি। ভারী যন্ত্রপাতি ও মেটাল ব্যবহার করে জটিল কোনো শিল্পপণ্য তৈরি করার বদলে, যেসব মাঝারি ও ছোট কারখানায় লোহা, ইস্পাত, প্লাস্টিক বা অন্যান্য ধাতু প্রক্রিয়াজাত করে ক্যাপিটাল যন্ত্রপাতি Capital Machinery যন্ত্রাংশ Spare Parts, খুচরা পার্টস এবং দৈনন্দিন জীবনের প্রকৌশল পণ্য তৈরি করা হয় তাকে লাইট ইঞ্জিনিয়ারিং বলা হয়।
আমাদের দেশে এটিকে ‘শিল্পের শিল্প’ Mother of Industries বলা হয়ে থাকে। কারণ তৈরি পোশাক RMG কৃষি, অটোমোবাইল, টেক্সটাইল কিংবা বিদ্যুৎ খাতের মতো বড় বড় ভারী শিল্পগুলো যেসব খুচরা যন্ত্রাংশের ওপর নির্ভর করে, তার একটি বড় অংশই এই লাইট ইঞ্জিনিয়ারিং খাত থেকে আসে।
লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রধান পণ্যসমূহ কি কি?
এই খাতের অধীনে হাজার হাজার বৈচিত্র্যময় পণ্য তৈরি করা হয়। মূল পণ্যগুলোকে প্রধানত কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায়:
কৃষি যন্ত্রপাতি ও পার্টস: ধান মাড়াইয়ের মেশিন, পাওয়ার টিলারের যন্ত্রাংশ, সেচ পাম্প, হারভেস্টার ও থ্রেশারের খুচরা পার্টস।
অটোমোবাইল ও পরিবহন পার্টস: বাস, ট্রাক, মোটরসাইকেল, থ্রি-হুইলার ও সাইকেলের গিয়ার, বেয়ারিং, নাট-বল্টু, ব্রেক শু, বডি মেটাল ফ্রেম।
ইন্ডাস্ট্রিয়াল স্পেয়ার পার্টস: টেক্সটাইল মিল, পাটকল, জুট স্পিনিং এবং চাল কলের জন্য প্রয়োজনীয় ছোট-বড় কাস্টমাইজড গিয়ার, পুলি, পাইপ ফিটিংস ও ভালভ।
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী: সুইচ-সকেট, ক্যাবল হোল্ডার, ফ্যান, চ্যানেল, ট্রান্সফরমারের ছোট উপাদান ও প্যানেল বোর্ড।
গৃহস্থালি ও কনস্ট্রাকশন সামগ্রী: দরজার লক, কবজা, স্যানিটারি ফিটিংস, রড ক্যাটিন বা বেন্ডিং মেশিনারি, ধাতব আসবাবপত্র।
বাংলাদেশের অর্থনীতিতে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব অপরিসীম।
চীন, ভারত ও থাইল্যান্ড থেকে হাজার হাজার কোটি টাকার ক্যাপিটাল যন্ত্রপাতি ও পার্টস আমদানি করতে হতো। স্থানীয় লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশে এসব পার্টস তৈরি করে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।
বিপুল কর্মসংস্থান: বাংলাদেশে এই খাতে প্রায় ৬০ হাজারের বেশি ছোট-বড় প্রতিষ্ঠান বা ওয়ার্কশপ রয়েছে। যেখানে আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান যুক্ত। ধোলাইখাল, জিনজিরা, বগুড়া, যশোর ও পাবনা লাইট ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হাব হিসেবে পরিচিত।
অভ্যন্তরীণ বাজার ছাড়িয়ে বাংলাদেশ থেকে এখন বিশ্ববাজারে যেমন ইউরোপ, উত্তর আমেরিকা ও প্রতিবেশী দেশগুলোতে বাইসাইকেল, ব্যাটারি, প্রিসিশন পার্টস ও হ্যান্ড টুলস রপ্তানি হয়ে প্রতি বছর ভালো অংকের বৈদেশীক মুদ্রা আয় হচ্ছে।
এই খাতের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলোও সামনে এসেছে।
সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও আমাদের দেশে লাইট ইঞ্জিনিয়ারিং খাতটি দীর্ঘদিন ধরে কিছু কাঠামোগত সমস্যায় ভুগছে৷
প্রযুক্তির অভাব ও সনাতনী পদ্ধতি অন্যতম। অধিকাংশ ওয়ার্কশপ এখনো ম্যানুয়াল ও সনাতন পদ্ধতিতে কাজ করে। আধুনিক সিএনসি CNC মেশিন, কাস্টিং ও মোল্ডিং প্রযুক্তির অভাব রয়েছে।
দক্ষ কারিগরি জ্ঞানের ঘাটতিও রয়েছে। এখনো এটি প্রথাগত ওস্তাদ-সাগরেদ নির্ভরতায় কাজটি চলে। প্রাতিষ্ঠানিক প্রিসিশন ইঞ্জিনিয়ারিং Precision Engineering অর্থাৎ ডিজাইন নলেজের ঘাটতি রয়েছে।
কাঁচামালের চড়া মূল্য ও শুল্ক জটিলতা বিদ্যমান। স্ক্র্যাপ মেটাল ও নির্দিষ্ট অ্যালয় স্টিল আমদানিতে চড়া শুল্ক দিতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যায়। ব্যাংক ঋণের অপ্রতুলতা একটি কারণ। ছোট ছোট অনানুষ্ঠানিক ওয়ার্কশপ হওয়ার কারণে বড় ব্যাংকগুলো থেকে সহজ শর্তে সিঙ্গেল-ডিজিট সুদে এসএমই SME ঋণ পাওয়া এদের জন্য বেশ কঠিন।
ভবিষ্যৎ সম্ভাবনা ও জাপানের JICA সঙ্গে সম্পর্ক এক্ষেত্রে আমাদের কাজে লাগবে।
ভবিষ্যতের চতুর্থ শিল্পবিপ্লব 4IR এবং রোবোটিক্স ও অটোমেশনের যুগে লাইট ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো দেশ শিল্পায়নে এগোতে পারে না। সম্প্রতি জাপানের সঙ্গে বাংলাদেশের যে প্রযুক্তিগত ও শিল্পভিত্তিক অংশীদারত্ব চুক্তি ও আলোচনা হচ্ছে, তার অন্যতম প্রধান লক্ষ্য হলো
জাপানি প্রযুক্তি হস্তান্তর। বিশ্বজুড়ে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং ও উচ্চমানের অটোমোবাইল পার্টস তৈরিতে জাপান সেরা। জাপানি প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে হাই-প্রিসিশন মেকিংয়ে রূপান্তর করা সম্ভব।
গ্লোবাল সাপ্লাই চেইনে যুক্ত হওয়া যাবে তাহলে। টেকসই লাইট ইঞ্জিনিয়ারিং গড়ে উঠলে বাংলাদেশ সাধারণ পার্টসের পাশাপাশি আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক ও ভারী ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর জন্য কম্পোনেন্ট সাপ্লাইয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।
সস্তা অ্যাটেনশন ইকোনমি ও অনুৎপাদনশীল খাতের বদলে দেশের তরুণ সমাজ ও প্রকৌশলীদের যদি এই লাইট ইঞ্জিনিয়ারিং, ক্যাড CAD ডিজাইন, সিএনসি প্রোগ্রামিং ও মডার্ন কাস্টিং-এ দক্ষ করে তোলা যায় তাহলে এটিই হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধান রপ্তানি ও অর্থনৈতিক চালিকাশক্তি।
আমি কোন এক্সপার্ট নই কিন্তু সচেতন নাগরিক হিসেবে আমার এই চিন্তাটা পেশ করলাম। আর হ্যাঁ ছবিতে আমার আশেপাশের লাইটের সাথে লাইট ইঞ্জিনিয়ারিং এর হালকা সম্পর্ক থাকার ব্যাপারটা উড়িয়ে দেয়া যায় না
Bipasha Chakraborty’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















