অনলাইন বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
রাজধানীর রায়ের বাজারে কাঁচাবাজারের পাশে গড়ে ওঠা ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রায়ের বাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও বাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাজারে আগুন লাগার খবর পান তারা। কাঁচাবাজার ও এর পাশে থাকা ছোট ছোট টিনের বসতঘরে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।





















