
অনলাইন সোমবার,১২ অক্টোবর ২০২৬
গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস (২৫) চিনাশুকানিয়া গ্রামের উদ্ভব চন্দ্র দাসের (২৮) স্ত্রী।
আজ সোমবার বেলা ১১টার দিকে দেখা যায়, উদ্ভবের বাড়ির একটি ঘরে তালা দেওয়া। অন্য ঘরটির দরজা শিকল দিয়ে আটকানো। বাড়ির উঠানে চেয়ারে বসে ছিলেন উদ্ভবের বোনের স্বামী সুবল চন্দ্র দাস। তিনি বলেন, ওই ঘটনার সময় বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন উদ্ভবের বাবা। তিনি ঘটনা বুঝতে পারেননি। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে উদ্ভবকে হেফাজতে নেয়।
স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, উদ্ভব আগেও বিয়ে করেছিলেন। মাদকাসক্তির কারণে প্রথম স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর প্রায় দুই বছর আগে সীমাকে বিয়ে করেন তিনি।
সীমার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















