
আওয়ামী লীগের ৬ সাবেক এমপির ওপর নির্যাতনের প্রমাণ পেয়েছে আইপিইউ: তদন্তে আসতে চায় প্রতিনিধি দল!
কূটনৈতিক প্রতিবেদক | ২৫ জুনঃ-
আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ‘ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন’ (IPU) আওয়ামী লীগের সাবেক ছয় সংসদ সদস্যের ওপর চরম নির্যাতন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। সংস্থাটির সেক্রেটারি জেনারেলের পাঠানো এক চিঠিতে এই পরিস্থিতিকে ‘প্রতিশোধের মহোৎসব’ এবং সুসংগঠিত ‘রাজনৈতিক নিধন’ হিসেবে অভিহিত করা হয়েছে।
আইপিইউ-এর চিঠিতে বলা হয়েছে, এই সংসদ সদস্যদের ওপর চালানো নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের চরম লঙ্ঘন। ঘটনার সরেজমিনে তদন্ত এবং প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দ্রুততম সময়ে বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছে।
এই চিঠির প্রেক্ষিতে সরকারের উচ্চমহলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক এই সংস্থার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া কিংবা অভিযোগগুলো চূড়ান্তভাবে প্রমাণিত হওয়া বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এতে বিশ্বমঞ্চে সরকারের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। এমনকি আইপিইউ-তে বাংলাদেশের সংসদীয় সদস্যপদ স্থগিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
আইপিইউ সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় গণতন্ত্র রক্ষা এবং সংসদ সদস্যদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক এই সংস্থার কঠোর অবস্থান এবং সরেজমিন তদন্তের দাবিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। #IPU #আওয়ামী_লীগ #মানবাধিকার_লঙ্ঘন #আন্তর্জাতিক_সংবাদ #স্বরাষ্ট্র_মন্ত্রণালয় #কূটনীতি #বাংলাদেশ #তদন্ত #ব্রেকিং_নিউজ #সংসদ_সদস্য





















