গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, পার্কের আশপাশে আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এখনো উদ্ধারকাজ চলছে।
এদিকে এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ কাজিরাঙায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এতো মানুষের প্রাণহানির ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। এই শোকের ভার লাঘব করার মতো কোনো ভাষা নেই। এই কঠিন সময়ে তারা একা নয়, আসামের সবাই তাদের পাশে রয়েছে।
মুখ্যমন্ত্রী আরো বলেন, এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আহতরা যেন দ্রুত সর্বোচ্চ মানের চিকিৎসা পান, তা নিশ্চিত করা। মন্ত্রী অতুল বোরা ঘটনাস্থলে রয়েছেন এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সরাসরি তদারক করছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর মানসিক শক্তি কামনা করছি।






















