
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ হামলা হয়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন।
আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাঁ হাতে গুলি লেগেছে।
আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁদের সহকর্মীরা। প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুজন মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এখন এই হামলা হলো।
আহত হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলায়। আর সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তাঁরা দুজনই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কার্যালয়ে থাকতেন।





















