বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য ভারত কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিরোধীদলীয় সদস্যদের তিনটি প্রশ্নের উত্তর দিলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ-সংক্রান্ত প্রশ্নটির লিখিত কোনো উত্তর দেননি তিনি।
পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক প্রধান ও তৃণমূল কংগ্রেসের সদস্য রাজীব কুমার চারটি প্রশ্ন করেছিলেন। সেগুলোর মধ্যে ভারত-বাংলাদেশের সংযুক্তি, ভিসা ও সম্পর্কোন্নয়নের প্রসঙ্গ ছিল। তিনি লিখিতভাবে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা তিনি বিস্তারিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান। প্রশ্নটির উত্তর দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের সঙ্গে আন্তসীমান্ত সংযুক্তির প্রকল্প এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ করা, সড়ক ও রেল-সংযোগ উন্নত করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও সংযুক্তির সম্প্রসারণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিয়ে থাকে। প্রক্রিয়াগত জটিলতা দেখা দিলে তা সমাধানে সহায়তা করা হয় এবং নির্ধারিত শর্ত পূরণকারী আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়।





















