
অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ফেইসবুকে সরকারবিরোধী প্রচারণা: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মনিরুজ্জামান ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
শুক্রবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মনিরুজ্জামান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী নানা বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।
পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানা এলাকা থেকে ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন, রায়পুরে ২ জন এবং জেলার অন্যান্য স্থান থেকে বাকি ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





















