এর আগে বুধবার মধ্যরাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রামের ভেতরে কাপড়চোপড় ও একটি প্রেসার কুকার দেখতে পান তারা। রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ড্রামটি মাঠে রেখে গেছে। পরে প্রেসার কুকারটি বের করে মাঠের মধ্যে রাখেন তারা। আর ড্রামটি মসজিদের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার পাশে নিয়ে রাখা হয়।
স্থানীয়রা জানান, ভোর ছয়টার দিকে একটি অটো রিকশায় করে এসে ওই ড্রামটি এখান থেকে নিয়ে যায় অজ্ঞাতরা। এরপর পুলিশকে জানালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেনসহ সদস্যরা চারপাশ ঘিরে রাখেন। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। বেলা পৌনে ২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা জনশূন্য করার নির্দেশ দেয়। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, আজ বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। বিকাল ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করে তারা। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। এটা অনেক ক্ষমতাসম্পন্ন একটি বোমা। এ বিষয়ে ঊর্ধ্বতন কমকর্তারা বিস্তারিত ব্রিফ করবেন।’






















