
অনলাইন সোমবার, ১০ আগস্ট ২০২৬
গুলশান ১ নম্বরের ১৩৬ নম্বর রোডের যে বাসায় ইলিয়াস কাঞ্চন থাকেন, সেখানে আগের মতো উচ্ছ্বাস নেই। তবে গতকাল শনিবার রাতে যেন কিছুক্ষণের জন্য ফিরে পেয়েছিল প্রাণচাঞ্চল্য। দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকতেই চোখে পড়ল চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দাকে। পাশের সোফায় ছোট বোন চম্পা। দুজনে দীর্ঘদিনের প্রিয় সহকর্মী ইলিয়াস কাঞ্চনের অপেক্ষায়। বসার ঘরের অন্য প্রান্তে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন।
এরপর সুচন্দা ও চম্পাকে দুই পাশে বসিয়ে একরকম পুরোনো দিনের আড্ডায় মেতে উঠলেন ইলিয়াস কাঞ্চন। কথার ফাঁকে ফাঁকে ফিরে এল তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি। উঠল সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ ছবির প্রসঙ্গও। যে ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। সিনেমার সেই দিনগুলো যেন আবারও ঘরের ভেতর ফিরে এল কথায়, হাসিতে আর স্মৃতিচারণায়।
এর মধ্যেই একে একে এসে পৌঁছান চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন। ছিলেন অভিনয়শিল্পী সুব্রত, জ্যাকি আলমগীর, প্রযোজক নেতা খোরশেদ আলম। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এসেছিলেন জয় চৌধুরী ও আবীর চৌধুরী।
এরপর চম্পা সঙ্গে করে নিয়ে আসা জমজমের পানি বোতলটা এগিয়ে দিলেন কাঞ্চনের দিকে। নিজের হাতে সেই পানি ইলিয়াস কাঞ্চনকে পান করালেন তিনি। সঙ্গে আনা উপহারের কয়েকটা পাঞ্জাবিও তুলে দিলেন তাঁর হাতে। চম্পার অনুরোধ, পাঞ্জাবিগুলো যেন এবার লন্ডনে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান কাঞ্চন। সেখানে গিয়ে যেন উপহারের এসব পোশাক পরেন।
লিফটে একসঙ্গে নামতে নামতে এই প্রতিবেদককে সুচন্দা বললেন, ‘চমৎকার একটা আড্ডা হলো। আমাদের যেমন বেশ ভালো লাগল, কাঞ্চন সাহেবও বেশ উপভোগ করেছেন। অনেক হাসি আর আড্ডা করল। মনে হচ্ছে, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।’ বড় বোনের কথায় সায় দিলেন চম্পাও। এরপর দুজন গাড়িতে উঠে চলে গেলেন নিজেদের গন্তব্যে।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে
এর আগে ৩ আগস্ট যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। জনপ্রিয় এই চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর সেখানে হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে তাঁর চিকিৎসা চলেছে।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা তাঁকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান।





















